অনলাইন কনটেন্ট নিয়ন্ত্রণে নতুন বিধান জারি

Any Akter
প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ন, ০৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:৩১ পূর্বাহ্ন, ০৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মিডিয়া কাউন্সিল অনলাইন কনটেন্ট নিয়ন্ত্রণে কঠোর নতুন বিধান জারি করেছে। এই নীতিমালার আওতায় এখন থেকে সোশ্যাল মিডিয়া কনটেন্ট নির্মাতাদের লাইসেন্স ও পারমিট গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

কর্তৃপক্ষের মতে, নতুন এই উদ্যোগের উদ্দেশ্য হলো ধর্ম, রাষ্ট্র ও জাতীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জোরদার করা, পাশাপাশি সমাজে নৈতিকতা ও সংহতি বজায় রাখা। ইউএই ডিজিটাল প্ল্যাটফর্মে দায়িত্বশীল যোগাযোগ নিশ্চিত করতে এবং কনটেন্ট ক্রিয়েটরদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে চায়।

আরও পড়ুন: ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি

নতুন বিধান অনুযায়ী, অনলাইন কনটেন্টে ভুল বা বিভ্রান্তিকর তথ্য, ধর্মীয় অবমাননা বা রাষ্ট্রীয় প্রতীকের প্রতি অসম্মান—সবই কঠোর শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

ভুল তথ্য প্রচারের জন্য ৫ হাজার থেকে ১.৫ লাখ দিরহাম পর্যন্ত জরিমানা।

আরও পড়ুন: হ্যাকারদের ফাঁদ ঠেকাতে হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার

তরুণ সমাজকে বিভ্রান্ত করা বা ধ্বংসাত্মক ধারণা ছড়ানোর অপরাধে সর্বোচ্চ ১ লাখ দিরহাম জরিমানা।

অপরাধমূলক কর্মকাণ্ডে উসকানি (যেমন হত্যা, ধর্ষণ বা মাদক প্ররোচনা) দিলে সর্বোচ্চ ১.৫ লাখ দিরহাম জরিমানা।

ধর্মীয় বিশ্বাস বা ইসলামসহ অন্য কোনো ধর্মকে অপমান করলে সর্বোচ্চ ১ মিলিয়ন দিরহাম জরিমানা।

রাষ্ট্রপ্রধান, শাসনব্যবস্থা বা জাতীয় প্রতীকের প্রতি অসম্মান প্রদর্শনে ৫ লাখ দিরহাম পর্যন্ত জরিমানা।

জাতীয় ঐক্য বিনষ্ট বা বৈদেশিক সম্পর্ক ক্ষুণ্ণ করলে সর্বোচ্চ ২.৫ লাখ দিরহাম জরিমানা।

মানহানি (Defamation), মিথ্যা অপবাদ (Libel) বা বদনাম (Slander)-এর মতো অপরাধে সর্বোচ্চ ২০ হাজার দিরহাম জরিমানা ও কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

ডিজিটাল ও ঐতিহ্যবাহী উভয় ধরনের মিডিয়ার জন্য লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন এখন বাধ্যতামূলক।

লাইসেন্স ছাড়া কার্যক্রম চালালে প্রথমবার ১০ হাজার দিরহাম, পুনরাবৃত্তিতে ৪০ হাজার দিরহাম জরিমানা।

অনুমোদন ছাড়া অতিরিক্ত মিডিয়া কার্যক্রম চালালে প্রথমবার ৫ হাজার, পুনরায় করলে ১৬ হাজার দিরহাম জরিমানা।

নির্ধারিত সময়ের পর ৩০ দিনের মধ্যে নবায়ন না করলে প্রতিদিন ১৫০ দিরহাম জরিমানা, যা সর্বোচ্চ ৩ হাজার দিরহাম পর্যন্ত বাড়তে পারে।

সবচেয়ে গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে ট্রেড লাইসেন্স ছাড়া সোশ্যাল মিডিয়ায় বিক্রয় বা বাণিজ্যিক প্রচারণা চালানোকে।

এর জন্য সর্বোচ্চ ৫ লাখ দিরহাম জরিমানা, পণ্য বাজেয়াপ্ত এবং কারাদণ্ড হতে পারে।

এর উদ্দেশ্য নৈতিক ও দায়িত্বশীল কনটেন্ট সংস্কৃতি।

ইউএই মিডিয়া কাউন্সিল জানিয়েছে, এই কাঠামোর মাধ্যমে ডিজিটাল ও ঐতিহ্যবাহী মিডিয়ায় নৈতিক দায়বদ্ধতা নিশ্চিত, পেশাগত স্বীকৃতি প্রদান এবং দায়িত্বশীল কনটেন্ট সংস্কৃতি গড়ে তোলাই মূল লক্ষ্য।

আইন কার্যকর হওয়ার পর থেকে সকল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের অবশ্যই প্রয়োজনীয় পারমিট সংগ্রহ করতে হবে, অন্যথায় কঠোর জরিমানা ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে কর্তৃপক্ষ সতর্ক করেছে। সূত্র: খালিজ টাইমস