মোস্তাফিজকে দলে চড়া দামে নিল লাহোর কালান্দার্স

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ন, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৩:৪১ অপরাহ্ন, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সরাসরি চুক্তিতে (ডিরেক্ট সাইনিং) বাংলাদেশ জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। এই বাঁহাতি পেসারকে নিতে ফ্র্যাঞ্চাইজিটির ব্যয় হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮১ লাখ টাকার বেশি। এর আগেও পিএসএলের দুই মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন মোস্তাফিজ। এবারও তাকে ধরে রাখার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

লাহোর কালান্দার্স এক বিবৃতিতে জানায়, আমাদের বাংলাদেশি ভাই মোস্তাফিজুর রহমান, যাকে আমরা ২০১৬ ও ২০১৮ সালে দলে পেয়েছিলাম, এবার সরাসরি চুক্তিতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। অবশেষে তিনি আবার পরিবারের কাছে ফিরে এসেছেন।”

আরও পড়ুন: ৮ বছর পর ওয়ানডে দলে ৪০ বছরের ক্রেমার

২০১৮ সালের পিএসএলে কালান্দার্সের জার্সিতে ৫ ম্যাচে ৬.৪৩ ইকোনমি রেটে ৪ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। বাঁহাতি এই পেসারের অভিজ্ঞতা ও বৈচিত্র্যপূর্ণ বোলিংয়ের কারণে এবার তাকে নিয়ে আগ্রহ ছিল অন্য দলগুলোরও। তবে নিলামে ওঠার আগেই সরাসরি চুক্তিতে তাকে দলে টেনে নেয় লাহোর।

এবারের পিএসএল আসরে প্রথমবারের মতো নিলাম পদ্ধতিতে খেলোয়াড় বাছাই করা হবে। এর আগে টুর্নামেন্টের ১০টি আসরেই ড্রাফট পদ্ধতিতে দল গঠন করা হয়েছিল। আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে খেলোয়াড় নিলাম।

আরও পড়ুন: ‘তামিম খেলোয়াড় ছিল, আমরা খেলোয়াড়দের সুবিধা-অবকাঠামোকে প্রাধান্য দিচ্ছি’

এবার পিএসএলে অংশ নিচ্ছে মোট ৮টি ফ্র্যাঞ্চাইজি, যা আগের আসরের তুলনায় দুটি বেশি। সব মিলিয়ে নতুন ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের পিএসএলে মোস্তাফিজুর রহমানের পারফরম্যান্স নিয়ে বড় প্রত্যাশা লাহোর কালান্দার্স সমর্থকদের।