১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় সুনিশ্চিত : ড. এম এ কাইয়ুম
ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, দলের ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক এবং বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এম এ কাইয়ুম বলেছেন, ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারি সেই জোয়ার বিজয়ে রূপ নেবে। মানুষ দীর্ঘদিন পর ভোটের অধিকার ফিরে পেয়েছে। কিন্তু একটি বিশেষ দল সেই অধিকার আবারও কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে।
রাজধানীর ভাটারা–বারিধারা এলাকায় বিভিন্ন দল থেকে বিএনপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন তিনি।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে ভোট দেওয়ার সুযোগ এসেছে, কাজে লাগান: আব্দুস সালাম
ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক এই প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশের মানুষ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বপ্ন দেখছে। এই সুযোগ নষ্ট করতে নানা অপচেষ্টা চলছে। এ বিষয়ে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, স্বৈরাচারের পতন হয়েছে ঠিকই, কিন্তু তাদের দোসররা এখনও সমাজের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে আছে। তাই আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না।
আরও পড়ুন: ঢাকা-১৭ আসনে তারেক রহমানের সমর্থনে বিভিন্ন পেশাজীবীদের মিছিল
ঢাকা–১১ আসনের উন্নয়ন প্রসঙ্গে বিএনপির এই প্রার্থী বলেন, আমরা সর্বদলীয় মানুষকে সঙ্গে নিয়ে এই আসনকে একটি আদর্শ আসন হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে থাকবে না মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা দখলবাজি। মানুষের নিরাপত্তা ও শান্তিই হবে আমাদের প্রধান অগ্রাধিকার।
প্রতিহিংসার রাজনীতির সমালোচনা করে বিএনপির ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম বলেন, গায়েবি মামলা, মিথ্যা মামলা এবং রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে। ঢাকা–১১ আসনে এসব আর চলবে না—এটা আমার প্রতিশ্রুতি। রাজনীতি হবে জনগণের জন্য, প্রতিশোধের জন্য নয়।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলন ও ওসমান হাদী কোনো একটি দলের সম্পত্তি নয়—দেশের সকল মানুষের। একটি দল এগুলোকে নিজেদের সম্পত্তি মনে করলেও আমি স্পষ্টভাবে বলতে চাই—এই আন্দোলন জনগণের, দেশের মানুষের। এ দেশের মাটিতে জুলাই আন্দোলন ও ওসমান হাদীর হত্যার বিচার হবে ইনশাআল্লাহ।
ঢাকা–১১ আসনের মাটি ও গণমানুষের নেতা ড. এম এ কাইয়ুম বলেন, বিএনপি সবসময় জনগণের দল ছিল এবং থাকবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ভূমিকা ঐতিহাসিক। তিনি বিএনপিতে নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, যারা নতুন করে বিএনপির রাজনীতিতে যুক্ত হচ্ছেন, তারা আমাদের শক্তি। ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না।
বক্তব্য শেষে ড. এম এ কাইয়ুম বলেন, এ দেশের তরুণরাই আগামীর বাংলাদেশ। যারা বিএনপির আদর্শে বিশ্বাস করে নতুন করে দলে যুক্ত হয়েছে, তাদের শক্তিকে কাজে লাগাতে হবে। কারণ তারাই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব।





