মদ বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল করছে সৌদি আরব, কিনতে পারছেন যাঁরা

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ন, ০৬ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:৫৬ অপরাহ্ন, ০৬ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ ৭৩ বছরের নিষেধাজ্ঞার পর সৌদি আরব সীমিত পরিসরে মদ বিক্রির অনুমতি দিতে শুরু করেছে। নতুন এই সিদ্ধান্তের আওতায় এখন বিত্তশালী অমুসলিম বিদেশি বাসিন্দারা নির্দিষ্ট শর্তে মদ কিনতে পারছেন। সমালোচকদের ধারণা, এই শিথিলতা ভবিষ্যতে পর্যটকদের ক্ষেত্রেও সম্প্রসারিত হতে পারে।

বিবিসির খবরে জানানো হয়, বিদেশি কূটনীতিকদের জন্য ২০২৪ সালে রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় একটি মদের দোকান চালু করা হয়। তবে সাম্প্রতিক পরিবর্তনের ফলে এই সুবিধা এখন আর শুধু কূটনীতিকদের মধ্যেই সীমাবদ্ধ নেই।

আরও পড়ুন: ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪

ঘোষণা ছাড়াই ২০২৫ সালের শেষের দিকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী, বিত্তশালী অমুসলিম বিদেশি বাসিন্দারাও এখন ওই দোকান থেকে বিয়ার, ওয়াইন ও স্পিরিট জাতীয় মদ কিনতে পারছেন।

মদ কিনতে ইচ্ছুক প্রবাসীদের জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। যাঁদের কাছে প্রিমিয়াম রেসিডেন্সি পারমিট রয়েছে—যার জন্য বছরে এক লাখ সৌদি রিয়াল ফি দিতে হয়—তাঁরা মদ কিনতে পারবেন। এছাড়া যেসব প্রবাসীর মাসিক আয় কমপক্ষে ৫০ হাজার সৌদি রিয়াল, তাঁরাও এই সুবিধার আওতায় পড়বেন।

আরও পড়ুন: পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

তবে মুসলিম প্রবাসীদের ক্ষেত্রে এই অনুমতি প্রযোজ্য নয়। সৌদি কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, কোনো মুসলিম নাগরিক বা প্রবাসীর কাছে মদ বিক্রি করা হবে না। মদ কিনতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অমুসলিম হতে হবে এবং দোকানে গিয়ে প্রিমিয়াম রেসিডেন্সি কার্ড প্রদর্শনের পাশাপাশি ধর্মীয় পরিচয়ও জানাতে হবে।

উল্লেখ্য, সৌদি আরব ১৯৫২ সালে আনুষ্ঠানিকভাবে মদ বিক্রি নিষিদ্ধ করে। তবে দেশটির ভাবমূর্তি পুনর্গঠন এবং বিনিয়োগ ও পর্যটন আকর্ষণের লক্ষ্য নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক সামাজিক ও অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করছে রিয়াদ। এসব সংস্কারের অংশ হিসেবেই দেশটি নিজেকে আরও মধ্যপন্থি ও বিনিয়োগবান্ধব রাষ্ট্র হিসেবে তুলে ধরতে চাচ্ছে বলে বিশ্লেষকদের মত।