ফেসবুক রিলসে বড় পরিবর্তন আনছে মেটা
ব্যবহারকারীদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে ফেসবুক রিলসে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে এর মূল প্রতিষ্ঠান মেটা। ইতোমধ্যেই ফেসবুকের ‘রিকমেন্ডেশন ইঞ্জিন’ বা আধেয় সুপারিশ প্রযুক্তি আধুনিকায়ন করা হয়েছে।
নতুন এই প্রযুক্তি চালু হলে ব্যবহারকারীরা তাদের পছন্দ অনুযায়ী আরও প্রাসঙ্গিক ও আকর্ষণীয় রিলস ভিডিও সহজেই দেখতে পাবেন। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, মেটা এখন ভিডিওনির্ভর কনটেন্টে বেশি গুরুত্ব দিচ্ছে এবং ধীরে ধীরে ফেসবুক টিকটকের আদলে রূপ নিচ্ছে।
আরও পড়ুন: ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি
মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ গত জানুয়ারিতে বলেছিলেন, তিনি “পুরোনো দিনের ফেসবুকে ফিরে যেতে” চান। সেই লক্ষ্যেই প্ল্যাটফর্মটিকে আরও জনপ্রিয় ও ব্যবহারবান্ধব করতে এ বছর একাধিক পরিবর্তন আনা হয়েছে।
ফেসবুকের ভিডিও কনটেন্ট ব্যবস্থাপনায় বড় রদবদল আনার ফলে প্রতিষ্ঠানটি এখন টিকটকসহ অন্যান্য স্বল্পদৈর্ঘ্য ভিডিও প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায় নামছে, এমনটাই মনে করছে মেটা।
আরও পড়ুন: হ্যাকারদের ফাঁদ ঠেকাতে হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার
মেটার তথ্যমতে, এখন ফেসবুকে একই দিনে প্রকাশিত ভিডিওর প্রদর্শনের হার ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা সাম্প্রতিক ও নতুন ভিডিও দ্রুত দেখতে পারবেন।
এছাড়া ফেসবুকে যুক্ত হচ্ছে এক নতুন ফিচার — ‘ফ্রেন্ড বাবল’। এই ফিচারে ভিডিওর নিচের বাঁ কোণে দেখা যাবে কোনো বন্ধু সেই ভিডিওটিতে লাইক দিয়েছেন কি না। ব্যবহারকারী চাইলে সেই বাবলে ট্যাপ করে বন্ধুর সঙ্গে প্রাইভেট চ্যাটে কথোপকথন শুরু করতে পারবেন।
এক বিবৃতিতে মেটা জানিয়েছে, বন্ধুদের লাইক দেখা সব সময়ই ফেসবুকের মূল অভিজ্ঞতার অংশ। সেই পরিচিত অভিজ্ঞতায় ফিরিয়ে আনতেই আমরা ‘ফ্রেন্ড বাবল’ ফিচার চালু করছি।
প্রতিষ্ঠানটির দাবি, উন্নত র্যাঙ্কিং অ্যালগরিদম ও রিকমেন্ডেশন সিস্টেম প্রয়োগের ফলে ব্যবহারকারীদের ভিডিও দেখার সময় গত বছরের তুলনায় ২০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।





