বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখের বেশি ভিডিও সরালো টিকটক
জনপ্রিয় শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক চলতি বছরের এপ্রিল থেকে জুন—এই তিন মাসে বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি ভিডিও সরিয়েছে। বুধবার (২২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকটক কর্তৃপক্ষ জানায়, কমিউনিটি গাইডলাইন বা নীতিমালা লঙ্ঘনের কারণেই এসব ভিডিও অপসারণ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে সরানো ভিডিওর ৯৯.৭ শতাংশ সক্রিয়ভাবে শনাক্ত করে মুছে ফেলা হয়েছে, যার মধ্যে ৯৭.৫ শতাংশ ভিডিও ২৪ ঘণ্টার মধ্যেই সরানো হয়েছে।
আরও পড়ুন: ঢাবির ফলাফল ওয়েবসাইটে ম্যালওয়্যার আক্রমণের অভিযোগ, তদন্তে আইসিটি বিভাগ
টিকটকের সর্বশেষ ‘কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট’ অনুযায়ী, ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বিশ্বজুড়ে ১৮ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ২২৮টি ভিডিও সরানো হয়েছে, যা প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট কনটেন্টের প্রায় ০.৭ শতাংশ।
এর মধ্যে ১৬ কোটি ৩৯ লাখ ভিডিও স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে সরানো হয়েছে, আর ৭৪ লাখ ৫৭ হাজার ভিডিও পর্যালোচনার পর পুনরায় ফিরিয়ে দেওয়া হয়েছে। একই সময়ে, ৭ কোটি ৬৯ লাখ ৯১ হাজার ভুয়া অ্যাকাউন্ট এবং ১৩ বছরের কম বয়সী ২ কোটি ৫৯ লাখ ৪ হাজার ব্যবহারকারীর অ্যাকাউন্ট মুছে ফেলেছে টিকটক।
আরও পড়ুন: সারাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বিএসসিপিএলসির সতর্কতা
টিকটকের তথ্যমতে, ৩০.৬% ভিডিও সরানো হয়েছে কনটেন্ট নীতিমালা লঙ্ঘনের কারণে, ১৪% ভিডিও নিরাপত্তা নীতির কারণে, এবং ৬.১% ভিডিও গোপনীয়তা ও সুরক্ষা নির্দেশনা ভঙ্গের কারণে অপসারণ করা হয়েছে।
এছাড়া, ভুল তথ্য ও এআই-নির্ভর সম্পাদিত বা ভুয়া ভিডিও সরানোর কার্যক্রমও চলমান রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। প্রসঙ্গত, টিকটক প্রতি প্রান্তিকে এই ধরনের কমিউনিটি গাইডলাইন এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করে, যেখানে কনটেন্ট সরানো, অ্যাকাউন্ট মুছে ফেলা এবং প্ল্যাটফর্মের স্বচ্ছতা সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়।





