ইনস্টাগ্রামে এলো ‘ইনস্ট্যান্টস’ ফিচার
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য ‘ইনস্ট্যান্টস’ নামে নতুন একটি ফিচার চালু করেছে মেটা। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের বাছাই করা বন্ধু ও অনুসারীদের সঙ্গে মুহূর্তের মধ্যে এডিটিং ছাড়াই সরাসরি ছবি শেয়ার করতে পারবেন, যা দেখার পরপরই স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে। মূল ইনস্টাগ্রাম অ্যাপের পাশাপাশি নির্বাচিত কিছু দেশে আইওএস ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে এই ফিচারের জন্য আলাদা একটি কম্প্যানিয়ন অ্যাপও চালু করা হয়েছে।
কী এই ‘ইনস্ট্যান্টস’ ফিচার?
আরও পড়ুন: ‘সুপার অ্যাপ’ হতে চায় উবার, যুক্ত হচ্ছে নতুন ফিচার
ইনস্ট্যান্টস এমন একটি ফিচার, যা ব্যবহারকারীদের কোনো পূর্বপরিকল্পনা ছাড়াই তাৎক্ষণিকভাবে তোলা ছবি শেয়ার করার সুযোগ দেয়। ঝকঝকে এডিট করা ছবি নয়, বরং বাস্তব ও স্বাভাবিক মুহূর্তগুলোকে ফিল্টারবিহীনভাবে তুলে ধরাই এর মূল লক্ষ্য।
ব্যবহারকারীরা তাদের ‘ক্লোজ ফ্রেন্ডস’ বা যাদের ফলো ব্যাক করেছেন, শুধুমাত্র তাদের সঙ্গেই এই ছবি শেয়ার করতে পারবেন। শেয়ার করা ছবিগুলো ইনস্টাগ্রামের ডিরেক্ট মেসেজ ইনবক্সের নিচের ডান কোণায় ছোট ফটো স্ট্যাক আকারে দেখা যাবে।
আরও পড়ুন: স্মার্টফোনে সবসময় ব্লুটুথ চালু রাখছেন? অজান্তেই ডেকে আনছেন বড় বিপদ!
দেখার পরই অদৃশ্য হবে ছবি
ইনস্টাগ্রামের সাধারণ পোস্ট বা স্টোরিজের মতো ইনস্ট্যান্টসের ছবিগুলো স্থায়ী থাকবে না। প্রাপক একবার ছবি দেখার পর তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। তবে প্রেরকের জন্য ছবিগুলো সম্পূর্ণ হারিয়ে যাবে না। ইনস্টাগ্রাম জানিয়েছে, পাঠানো ছবিগুলো ব্যবহারকারীর ব্যক্তিগত আর্কাইভে সর্বোচ্চ এক বছর পর্যন্ত সংরক্ষিত থাকবে, যা শুধুমাত্র তিনিই দেখতে পারবেন। চাইলে পরে সেখান থেকে ছবিগুলো ‘স্টোরি রিক্যাপ’ হিসেবেও শেয়ার করা যাবে।
থাকছে রিপ্লাই ও ‘আনডু’ অপশন
ইনস্ট্যান্টস ফিচারে পাঠানো ছবিতে বন্ধুরা প্রতিক্রিয়া জানাতে বা রিপ্লাই দিতে পারবেন, যা সরাসরি ইনবক্সে মেসেজ হিসেবে জমা হবে। এছাড়া ভুলবশত কোনো ছবি পাঠিয়ে ফেললে দ্রুত ফিরিয়ে নেওয়ার জন্য ‘আনডু’ সুবিধাও যুক্ত করেছে ইনস্টাগ্রাম।
এই ফিচারে ছবি তোলার পর কোনো ধরনের এডিটিং টুল বা ফিল্টার ব্যবহারের সুযোগ রাখা হয়নি। তবে ছবি পাঠানোর আগে ক্যাপশন যোগ করা যাবে। স্টোরিজের মতো নয়, বরং এখানে ছবি খোলার আগেই ক্যাপশনটি স্ক্রিনে দেখা যাবে।
প্রতিটি ইনস্ট্যান্টস কে দেখতে পারবেন, সেটির পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর হাতেই।
বিশ্লেষকদের মতে, স্ন্যাপচ্যাট ও বি-রিয়েলের মতো প্ল্যাটফর্মগুলোর জনপ্রিয়তা বিবেচনায় নিয়ে ইনস্টাগ্রাম এখন আরও ব্যক্তিগত, স্বাভাবিক ও সাময়িক যোগাযোগের দিকে গুরুত্ব দিচ্ছে।





