চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল
চলন্ত অবস্থায় মেট্রোরেলের পেছনের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ার ঘটনায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি মেট্রোরেলের পেছনের একটি দরজা চলন্ত অবস্থায় হঠাৎ খুলে যায়। বিষয়টি জানার পর যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে পুরো রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
আরও পড়ুন: একনেকে একসঙ্গে ৩ মেট্রোরেল প্রকল্পের অনুমোদন
এমআরটি পুলিশের এই কর্মকর্তা জানান, সকাল ৭টা ৩৭ মিনিটে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল স্থগিত করা হয়। পরে মেট্রোরেলের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে সকাল ৮টা ৩ মিনিটে আবার ট্রেন চলাচল শুরু হয়।
এ ঘটনায় প্রায় ২৬ মিনিট মেট্রোরেল সেবা ব্যাহত হলেও বর্তমানে উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে এমআরটি পুলিশ।





