মে মাসেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, বজ্র-শিলাবৃষ্টিসহ কালবৈশাখীর আভাস

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ন, ০১ মে ২০২৫ | আপডেট: ৫:৩৩ অপরাহ্ন, ০২ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টানা কয়েকদিনের বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরলেও গরমের দাপট এখনও বিদ্যমান। দেশের সর্বোচ্চ তাপমাত্রাও বিরাজ করছে ৩৫ ডিগ্রির ঘরে। এই অবস্থার মধ্যেই চলতি মে মাসে ধেয়ে আসতে পারে এক থেকে দুটি ঘূর্ণিঝড়। সেইসঙ্গে এ মাসে শিলা ও বজ্রবৃষ্টিসহ তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক এস এম কামরুল হাসানের সই করা একমাসের দীর্ঘ মেয়াদি পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।

আরও পড়ুন: মার্চে বাড়বে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড়

পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ ছাড়া এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে এক থেকে দুইটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দেশে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় এবং ৩ থেকে ৫ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা কালবৈশাখী ঝড় হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ মাসে দেশের কোথাও কোথাও ১ থেকে ৩টি মৃদু (৩৬-৩৭.৯° সে.) অথবা মাঝারি ধরনের (৩৮-৩৯.৯°সে) তাপপ্রবাহ এবং ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ (>৪০° সে.) বয়ে যেতে পারে। সেই সঙ্গে চলতি মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

আরও পড়ুন: টানা দুই দিন বৃষ্টির সম্ভাবনা

এদিকে মে মাসে দেশের প্রধান নদ-নদীগুলোয় স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বিচ্ছিন্ন ভারি বৃষ্টিপাতের প্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের নদীগুলোর পানি সমতল সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে।