আবারও বাড়তে পারে শীত, রাতের তাপমাত্রা কমার আভাস

Any Akter
বাংরাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:০১ অপরাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ২:২৫ অপরাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জানুয়ারির বিদায়ের সঙ্গে সঙ্গে দেশ থেকে অনেকটাই কমে গেছে কনকনে শীত। তবে আগামী কয়েকদিনে আবারও কিছুটা কমতে পারে তাপমাত্রা, ফলে বাড়তে পারে শীতের অনুভূতি। এমন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বুধবার থেকে শনিবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বার্তায় বলা হয়েছে, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আরও পড়ুন: তাপমাত্রা বাড়ার আভাস দিলো আবহাওয়া অধিদপ্তর

পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকতে পারে। ভোরে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এদিন সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

আরও পড়ুন: আবারও বাড়তে পারে শীত, শিলাবৃষ্টির আশঙ্কা

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে আবহাওয়ার তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে এবং ভোরের দিকে নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে। এদিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এছাড়া, পরবর্তী বর্ধিত পাঁচ দিনে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।