নারায়ণগঞ্জে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৫৩ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে পোষাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ,টিয়ারশেল নিক্ষেপ, সড়কে আগুন

এর আগে সোমবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান তাঁরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন স্থানে অবস্থান নেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। একই সঙ্গে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করা হচ্ছে। আন্দোলনের সুযোগ নিয়ে কেউ যাতে কারখানা, যানবাহন কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে নজরদারি রাখা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।

আরও পড়ুন: কবীর আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস সুবিধার দাবি, সরকারের কাছে পাঁচ দফা প্রস্তাব

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন।

এ সময় আবুল কালাম বলেন, গত কয়েকদিন ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা চলছে। ডিসেম্বর মাসকে সামনে রেখে পরাজিত শক্তি ও গুপ্তচক্র ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর ভাষ্য, শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। তবে শ্রমিক আন্দোলনের আড়ালে যারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তারা প্রকৃত শ্রমিক নয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, সকাল থেকে জেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এ ছাড়া এসআরবি, পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা বিভিন্ন সড়কে দায়িত্ব পালন করছেন।