তিন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ন, ২৪ মার্চ ২০২৬ | আপডেট: ১২:৪৩ অপরাহ্ন, ২৪ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের তিনটি অঞ্চলের ওপর দিয়ে মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

আরও পড়ুন: ঢাকায় মেঘলা আকাশ, ৫ দিনে বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়ার ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ সক্রিয় রয়েছে। এর প্রভাবে সিলেটসহ রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাব: তিন বিভাগে বজ্রবৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা

তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।