ছয় বিভাগে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ন, ২৫ মার্চ ২০২৬ | আপডেট: ৪:৪৪ অপরাহ্ন, ২৫ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকাসহ দেশের ছয় বিভাগে আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়তে পারে, তবে সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার আভাসও দিয়েছে সংস্থাটি। বুধবার (২৬ মার্চ) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আরও পড়ুন: তিন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

বৃহস্পতিবার (২৬ মার্চ) খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার (২৭ মার্চ) রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং তাপমাত্রা বাড়ার প্রবণতা অব্যাহত থাকবে।

আরও পড়ুন: ঢাকায় মেঘলা আকাশ, ৫ দিনে বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস

শনিবার (২৮ মার্চ) থেকে বৃষ্টিপাতের পরিধি বাড়তে পারে। এদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রোববার (২৯ মার্চ) দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে সামগ্রিকভাবে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।