ঢাকায় আজও বৃষ্টি নেই, আকাশ থাকবে আংশিক মেঘলা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩৪ পূর্বাহ্ন, ২২ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:১৯ পূর্বাহ্ন, ২২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানী ও আশপাশের এলাকায় বুধবার (২২ এপ্রিল) দিনভর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই। এমন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, ঢাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় উত্তর কিংবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ফলে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

আরও পড়ুন: দেশজুড়ে ভ্যাপসা গরম, জনজীবন বিপর্যস্ত

সকাল ৬টার পর্যবেক্ষণ অনুযায়ী, রাজধানীর তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাতের কোনো রেকর্ড পাওয়া যায়নি।

পূর্বাভাস অনুযায়ী, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩১ মিনিটে।

আরও পড়ুন: ঢাকায় থাকবে গরমের দাপট, বৃষ্টির সম্ভাবনা কম

অন্যদিকে, দেশের সার্বিক আবহাওয়ার চিত্রে বলা হয়েছে—ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া টাঙ্গাইল, ফরিদপুর, লক্ষ্মীপুর, খুলনা, যশোর, কুষ্টিয়াসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।