সন্ধ্যা থেকে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টির সতর্কতা, ৪৮ ঘণ্টা জুড়ে কালবৈশাখীর আশঙ্কা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ন, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:২৪ অপরাহ্ন, ২৯ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সারা দেশে কালবৈশাখী ঝড় ও মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল লিমিটেড।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সংস্থাটির সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বার্তায় জানানো হয়, আসন্ন এই দুর্যোগে দেশের পাঁচটি বিভাগ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে সিলেট বিভাগ ও ময়মনসিংহ বিভাগ-এ বৃষ্টির তীব্রতা সর্বোচ্চ হতে পারে। পাশাপাশি ঢাকা বিভাগ, বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগ-এর জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: বিভীষিকাময় ২৯ এপ্রিল: উপকূলজুড়ে আতঙ্কের স্মৃতি, সামনে বাড়ছে নতুন ঝুঁকি

সংস্থাটি জানিয়েছে, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, মৌলভীবাজার ও কিশোরগঞ্জ জেলায় বৃষ্টির তীব্রতা বেশি হতে পারে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর ও নারায়ণগঞ্জেও ঝড়ো আবহাওয়ার আশঙ্কা রয়েছে। রাজধানী ঢাকা, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরসহ আশপাশের এলাকাগুলোতেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

একইসঙ্গে বরিশাল অঞ্চলের ভোলা, পটুয়াখালী, লক্ষ্মীপুর ও নোয়াখালীতে দুর্যোগের প্রভাব পড়তে পারে। বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, ফেনী ও কুমিল্লাতেও আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: কালবৈশাখীর দাপট, ৫ দিনজুড়ে ঝড়-বৃষ্টি; সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

অন্যদিকে, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ ও রংপুর বিভাগ-এ মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এসব এলাকায় দমকা হাওয়ার বেগ বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। খুলনা, নড়াইল, যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজবাড়ী ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় ঝড়ো আবহাওয়া বিরাজ করতে পারে।

এছাড়া নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট ও কুড়িগ্রামেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, শরীয়তপুর ও চাঁদপুরের বাসিন্দাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানেও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও অতি ভারী বর্ষণের কারণে সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

দুর্যোগকালীন সময়ে খোলা মাঠে অবস্থান না করা এবং বড় গাছের নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।