যেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ন, ০৪ জুন ২০২৬ | আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন, ০৫ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী পাঁচ দিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে চলমান তাপপ্রবাহ ধীরে ধীরে প্রশমিত হতে পারে। বৃহস্পতিবার (৪ জুন) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: পাঁচ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত

বর্তমানে চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাড়াও রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ তাপপ্রবাহ আপাতত অব্যাহত থাকতে পারে।

শুক্রবার (৫ জুন) থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। এদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় দেশের কিছু অঞ্চলে তাপপ্রবাহ প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: জুনে তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রি, তাপপ্রবাহ আরও বাড়ার আশঙ্কা

শনিবার (৬ জুন) দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু স্থানে বজ্রসহ বৃষ্টির পাশাপাশি ভারী বর্ষণ হতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার (৭ জুন) এবং সোমবার (৮ জুন) বৃষ্টির প্রবণতা আরও জোরালো হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এ দুই দিনে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অধিকাংশ এলাকায় বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকলেও বৃষ্টিপাতের কারণে গরমের তীব্রতা কিছুটা কমে আসতে পারে।