ঢাকাসহ ১১ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৫০ পূর্বাহ্ন, ০৮ জুন ২০২৬ | আপডেট: ১১:৩০ পূর্বাহ্ন, ০৮ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

সোমবার (৮ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা বিশেষ আবহাওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: দুপুরের মধ্যে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা কিছুটা কমতে পারে

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় ওইসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। ঝড়ো আবহাওয়ার কারণে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন: ১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সম্ভাব্য প্রতিকূল আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কোথাও কোথাও দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির ঘটনা ঘটতে পারে। তাই নদীপথে চলাচলকারী নৌযান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।