বঙ্গোপসাগরে লঘুচাপ শক্তিশালী হওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্ক সংকেত
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় প্রকাশিত আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও শক্তিশালী বা ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আরও পড়ুন: ৮ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা—দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে পরবর্তী আবহাওয়া বুলেটিনের প্রতি নজর রাখতে বলা হয়েছে।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
বর্ষা মৌসুমে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ বা নিম্নচাপের কারণে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া, উত্তাল সমুদ্র এবং ভারী বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হতে পারে। এ ধরনের অবস্থায় সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় আগাম সতর্কতা জারি করে ক্ষয়ক্ষতির ঝুঁকি কমানোর চেষ্টা করা হয়।





