ঢাকাসহ সারাদেশে ৫ দিন ঝড়বৃষ্টির আভাস, হতে পারে ভারী বর্ষণ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ন, ২৭ জুলাই ২০২৬ | আপডেট: ৪:১৪ অপরাহ্ন, ২৭ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৭ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৯টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আরও পড়ুন: ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নৌবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত

পরবর্তী ২৪ ঘণ্টাতেও বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিও হতে পারে।

বুধবার (২৯ জুলাই) রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিনও দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। তবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন: ঢাকাসহ ১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা

বৃহস্পতিবার (৩০ জুলাই) দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। বিশেষ করে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার (৩১ জুলাই) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দিন ধরেই বিরূপ আবহাওয়া বিরাজ করতে পারে। তাই ভারী বৃষ্টিপ্রবণ এলাকায় বসবাসকারী মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।