বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দরগুলোতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২৯ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত ওই বার্তায় লঘুচাপের কারণে সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে সতর্ক করা হয়েছে।
আরও পড়ুন: দেশজুড়ে আগামী ২ দিন ভারী বর্ষণের আভাস
সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সমুদ্র ও উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকাসহ যেসব বিভাগে বজ্রবৃষ্টির আভাস
এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।





