বন্যায় ১ লাখ ৯০ হাজার পরিবার পানিবন্দি
দেশের বন্যাকবলিত ৬ জেলার ৪৩ উপজেলায় এখন পর্যন্ত অন্তত ১৭ লাখ ৯৬ হাজার ২৪৮ জন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এতে ১ লাখ ৯০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত বন্যা পরিস্থিতি নিয়ে মন্ত্রণালয়ে এ তথ্য জানায়।
বন্যায় ক্ষতিগ্রস্ত ওই জেলাগুলো হলো-কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী ও মৌলভীবাজার। প্রতিবেদনে বলা হয়, বন্যায় ৪৩টি উপজেলার ১ লাখ ৮৯ হাজার ৬৬৩টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। এতে ১৭ লাখ ৯৬ হাজার ২৪৮ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে বাসযাত্রীর মোবাইল ছিনতাই চক্রের মূল হোতা আটক, উদ্ধার ১১টি স্মার্টফোন
বন্যার পানিতে ডুবে ফেনীর ফুলগাজী উপজেলায় একজনের মৃত্যু হয়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিতে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী ও মৌলভীবাজার জেলায় বন্যা সৃষ্টি হয়। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে এক কোটি ৪২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ৮ হাজার ৫৫০ টন চাল এবং আট হাজার প্যাকেট শুকনা খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।





