কিশোরগঞ্জে নদীর তলদেশে বোরো চাষ, দখল ও বর্জ্যদূষণে অস্তিত্ব হারাচ্ছে নরসুন্দা

Sanchoy Biswas
করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ন, ০২ এপ্রিল ২০২৫ | আপডেট: ৩:৩১ পূর্বাহ্ন, ২২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জে নরসুন্দা নদীর নাব্যতা হ্রাস, দখল ও বর্জ্যদূষণের কারণে অস্তিত্ব হারাচ্ছে নরসুন্দা নদী। অযত্ন ও নদী খনন না করায় বিলীনের পথে নদীটি। বর্তমানে নদীর তলদেশে কৃষকেরা বোরো ধান আবাদ করেছে। এক সময় এটি ছিল প্রবাহমান নদী। নদীতে ভাসতো পাল তোলা নৌকা। প্রশাসনের হস্তক্ষেপ না থাকায় দখল ও দূষণের কবলে পড়েছে নরসুন্দা।

সরেজমিনে দেখা গেছে, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার কাউনা এলাকার উপর দিয়ে বয়ে চলা ব্রহ্মপুত্র নদের শাখা নদী নরসুন্দা। কাউনা থেকে ইটনা উপজেলার ধনু নদী পর্যন্ত প্রায় ৫৮ কিলোমিটার দীর্ঘ নরসুন্দা নদী এককালে খরোতা ছিল। ৮০ দশকের প্রথম দিকে তৎকালীন সরকার নরসুন্দার সাথে ব্রহ্মপুত্রের সংযোগস্থল হোসেনপুরের কাউনা এলাকায় অপরিকল্পিতভাবে বাঁধ নিমার্ণ করা হয়। এরপর থেকেই নরসুন্দা নদীকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে। বছরের পর বছর পলি পড়ে নদীটি প্রায় ভরাট হয়ে গেছে। যার ফলে খরোতা এ নরসুন্দা এখন বদ্ধ জলাশয়।

আরও পড়ুন: ডিসেম্বরে ফেরার দুঃস্বপ্ন ভুলে যান: কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম

জেলা শহরের মাঝ দিয়ে বয়ে চলা নরসুন্দা নদীর জায়গা অবৈধ দখল মুক্ত করে উৎসমুখ খননের মাধ্যমে পানি প্রবাহ ফিরিয়ে আনাসহ জেলার ছোটবড় ৪৩টি নদীর পানিপ্রবাহ নিশ্চিত করার দাবিতে বিভিন্ন সময় মানববন্ধন ও পথসভা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখা

স্থানীয়রা জানিয়েছেন, নদীর ধার ঘেঁষে যে যার মতো জায়গা দখল করে নদী ভরাট করে দোকানপাট তৈরি করছে। এক শ্রেণির ভূমিদস্যুরা যেনো নদী দখলের প্রতিযোগিতায় নেমেছে। যে যার মতো মতো ভুয়া কাগজপত্র তৈরি করে দখল করে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। আর দখলের এ অবৈধকাজে ভূমি অফিসের কতিপয় দূর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারী সহায়তা করছে বলে জানা গেছে। এদিকে শুকনো মৌসুমে পানি একেবারে শুকিয়ে যায়। আর তাই নদীর তলদেশে শুরু হয়েছে কৃষকের বোরো আবাদ। তবে নদী ধানী জমিতে রুপান্তরিত হওয়ায় ওইসব এলাকার নলকুপে পানি আসছে না। এতে হাজার হাজার মানুষ তীব্র পানি সংকটে পড়েছে।

আরও পড়ুন: গাজীপুরে বিতর্কিত যুবদল কমিটি: ধর্ষণ ও মাদকের অভিযোগে অভিযুক্তদের হাতে নেতৃত্ব

জেলা পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল এ প্রতিবেদক'কে বলেন, নরসুন্দা নদীটির অস্তিত্ব ফিরিয়ে আনার যথাযথ ব্যবস্থা করা না হলে আগামী দুই যুগ পর হয়ত আগামী প্রজন্ম বিশ্বাসই করতে চাইবে না যে, কিশোরগঞ্জে নরসুন্দা নামে একটি নদী ছিল। কিশোরগঞ্জ জেলার প্রাণ নরসুন্দা নদীর উপর নির্মিত ব্রিজের দুই পাশে ময়লা আবর্জনা ফেলে এক চরম দুর্গন্ধময় পরিবেশ সৃষ্টি হয়েছে। এখানে ময়লা ফেলে রাখার আরেকটি অসৎ উদ্দেশ্যও রয়েছে। হোটেল ও বাসাবাড়ির ময়লা আবর্জনা নদীতে ফেলে তারা পায়তারা করছে নদীর তীর ভরাট করে দখল করার। এতে নদীতে পানি প্রবাহে বাঁধা সৃষ্টি হচ্ছে।

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন 'বাংলাবাজার পত্রিকা'কে বলেন “নরসুন্দার অবৈধ দখলদারদের তালিকা তৈরি করে জেলা প্রশাসকের মাধ্যমে বিভাগীয় কমিশনারের দপ্তরে পাঠানো হয়েছে। জেলা ভিত্তিক বরাদ্দ পেলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।"