পূর্বাচলে জিন্দাপার্ক সংলগ্ন স্থানীয় অধিবাসীদের সাথে রাজউক চেয়ারম্যানের মতবিনিময় সভা
পূর্বাচলের অন্যতম বিনোদন ও দর্শনার্থীবান্ধব স্থান জিন্দাপার্কের ব্যবস্থাপনা উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্থানীয় অধিবাসীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এলাকাবাসীর মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাজউকের চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় রাজউকের আওতাধীন পূর্বাচলের জিন্দাপার্কে আয়োজিত দিনব্যাপী এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।
সভায় রাজউক চেয়ারম্যান জিন্দাপার্ক সংলগ্ন এলাকার বাসিন্দাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং তাদের মতামত গ্রহণ করেন। একইসঙ্গে তিনি পূর্বাচল ও জিন্দাপার্ক কেন্দ্রিক রাজউকের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। এসময় এলাকাবাসী রাজউক চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন ও উন্মুক্ত আলোচনা উদ্যোগকে স্বাগত জানান এবং পূর্বাচলের সার্বিক উন্নয়নে রাজউকের ভূমিকার প্রশংসা করেন।
মতবিনিময় সভা শেষে রাজউক চেয়ারম্যানসহ পরিদর্শক দল জিন্দাপার্কের অভ্যন্তরে অবস্থিত বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। তারা নির্মাণাধীন ভবন ও স্থাপনাগুলোর কাজ সরেজমিনে পরিদর্শন করেন। একজন দক্ষ পুরকৌশলী হিসেবে ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম নির্মাণ কার্যক্রমে বিদ্যমান ত্রুটিগুলো সংশ্লিষ্টদের হাতে-কলমে বুঝিয়ে দেন এবং ভবনের গুণগত মান নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
আরও পড়ুন: নান্দাইলের বাহাদুরপুর হাউজ লোকে-লোকারণ্য, নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস
পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান বলেন, জিন্দাপার্কের মতো একটি দর্শনার্থীবান্ধব স্থানে নির্মিত ভবনসমূহে পরিপূর্ণ নিরাপত্তা ও মান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রয়োজনে রাজউক ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ দল সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও দিকনির্দেশনা প্রদান করবে।
আজকের মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রাজউকের সদস্য (এস্টেট ও ভূমি), সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ), সদস্য (উন্নয়ন), প্রধান প্রকৌশলী, প্রধান নগর স্থপতি, পরিচালক পদমর্যাদার কর্মকর্তাবৃন্দসহ রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।





