শেরপুরে বিএনপি–জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহত
শেরপুরে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঝিনাইগাতী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১০টার দিকে তিনি মারা যান।
এর আগে, বুধবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই সংঘর্ষের ঘটনা ঘটে। অনুষ্ঠানে শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসার ইশতেহার পাঠ করছিলেন। এ সময় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন
শেরপুরের জামায়াতের প্রার্থী ও শিবিরের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অনুষ্ঠানে বিএনপি সমর্থকরা বিলম্বে উপস্থিত হয়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে সেই বাগবিতণ্ডা হাতাহাতিতে রূপ নেয়।
রাশেদুল ইসলামের অভিযোগ, পরে বিএনপি সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে জামায়াত সমর্থকদের ওপর হামলা চালায়। এতে অন্তত ৫০ জন জামায়াত সমর্থক আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময়
পথে গুরুতর আহত ঝিনাইগাতী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমের মৃত্যু হয় বলে জানান তিনি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।





