মুন্সীগঞ্জে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিন বন্ধুর মৃত্যু
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় মোটরসাইকেলের সঙ্গে মালবাহী ট্রলির সংঘর্ষে তিন তরুণ প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার যশলং এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তুর্জয় মাঝি (২৮), হোসাইন মোহাম্মদ সাকিব (২৭) ও মো. সানিয়াত (২৯)।
আরও পড়ুন: শ্যামনগরে ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে সিপাহিপাড়া-দিঘিরপাড় সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রলির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সানিয়াত ও সাকিব মারা যান। গুরুতর আহত অবস্থায় তুর্জয় মাঝিকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আতাউল করিম জানান, তুর্জয় মাঝিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: রাষ্ট্রপতি পদক পেলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায় এবং দুর্ঘটনাটি ঘটে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।





