১২ ফেব্রুয়ারির নির্বাচনে ইনশাআল্লাহ ১১ দলীয় জোট সরকার গঠন করবে: রাকসু ভিপি
রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ইনশাআল্লাহ ১১ দলীয় জোট সরকার গঠন করবে। গতকাল সোমবার বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১১ দলীয় জোট মনোনীত এমপি প্রার্থী ডা. আব্দুর রহিম সরকারের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোবিন্দগঞ্জ উপজেলা আমীর মাস্টার আবুল হোসাইনের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মশিউর রহমানের পরিচালনায় উপজেলা সদরের গোবিন্দগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুরুন নবী প্রধান, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদ, শিবিরের রাবি সভাপতি মোজাহিদ ফয়সাল, জামায়াতের সহকারী সেক্রেটারি আশরাফুল ইসলাম রাজু, নায়েবে আমীর আব্দুল বারি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি সুমন সরকার ও হিন্দু নেতা শ্রী রিপন সরকারসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।
প্রধান বক্তা বলেন, ‘২৪-এর ৫ আগস্টে এ দেশের ছাত্র-জনতার রক্তের ওপর প্রতিষ্ঠিত নতুন স্বাধীনতা জনগণের মত প্রকাশের পথ উন্মুক্ত করে দিয়েছে। রক্তে ভেজা এ মাটিতে আর কখনই ফ্যাসিস্ট স্বৈরাচারের জায়গা হবে না। চাঁদাবাজ, দুর্নীতিবাজদের আর কখনই জনগণ ম্যান্ডেট দেবে না। আগামী নির্বাচনে সাধারণ জনগণ ১১ দলীয় জোটকেই বেছে নেবে। নির্বাচনে কোনো ধরনের অনিয়ম জনগণ আর মেনে নেবে না। শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছর পর সাধারণ জনগণ ভোটকেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করতে যাবেন।’
আরও পড়ুন: দুমকির ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের চেষ্টা, দুই কিশোরের তৎপরতায় বড় ক্ষতি রক্ষা
তিনি জনতার উদ্দেশ্যে বলেন, এ দেশে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে অবশ্যই ১১ দলীয় জোটকে বিজয়ী করে আনতে হবে। ডা. আব্দুর রহিম সরকার বলেন, তিনি নির্বাচিত হলে গোবিন্দগঞ্জবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন। সেই সঙ্গে গোবিন্দগঞ্জকে মাদক ও দুর্নীতিমুক্ত সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তুলবেন। পাশাপাশি ইপিজেড নির্মাণ, রংপুর সুগার মিল চালু, কোচাশহরকে শিল্পনগরী ঘোষণা, করতোয়া নদীর নাব্যতা ফিরিয়ে আনা, শিশুদের জন্য বিনোদন কেন্দ্র গড়ে তোলাসহ রাস্তা-ঘাট নির্মাণে কাজ করে যাবেন। তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।





