গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আহত ৩

Any Akter
নেওয়াজ আহমেদ পরশ, গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৩৭ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গোপালগঞ্জ সদর উপজেলার একটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্যসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে কেন্দ্রটিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছিল। ভোটারদের উপস্থিতিও ছিল সন্তোষজনক। এ সময় হঠাৎ কেন্দ্রের পাশের খালের ওপার থেকে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে। সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে কেন্দ্র প্রাঙ্গণে দায়িত্বরত দুই আনসার সদস্য এবং এক কিশোরী আহত হয়। বিস্ফোরণের শব্দে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে কেন্দ্রের ভেতরে ও বাইরে দৌড়াদৌড়ি শুরু করেন।

আরও পড়ুন: ভুয়া এজেন্ট সেজে ভোট কেন্দ্রে অবস্থান, জামায়াত নেতাসহ ১২ জনের সাজা

কেন্দ্রে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, “সকাল থেকে ভোটগ্রহণ স্বাভাবিক ছিল। হঠাৎ বাইরে থেকে ককটেল ছোড়া হয়। আমরা সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।” আহতরা হলেন আনসার সদস্য সুকণ্ঠ মজুমদার ও জামাল হোসেন এবং পৌরসভার আরামবাগ এলাকার আসশাফ আলীর মেয়ে আমেনা খানম (১৪)। তাদের স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা আশঙ্কামুক্ত।

ঘটনায় ভোটকেন্দ্রের মূল ফটকের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরকের আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরও পড়ুন: ধামরাইয়ে নাতনিকে নিয়ে ভোট দিলেন বিএনপির প্রার্থী তমিজ উদ্দিন

জেলা প্রশাসন ও নির্বাচন কার্যালয় সূত্রে জানায়, “নির্বাচনী পরিবেশ নষ্টের উদ্দেশ্যে এ ধরনের নাশকতা ঘটানো হয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।” ঘটনার পর কেন্দ্রটিতে অতিরিক্ত পুলিশ, র‍্যাব ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। “বিস্ফোরণের ঘটনার পরও ভোটগ্রহণ বন্ধ হয়নি। কিছু সময়ের জন্য সামান্য বিঘ্ন ঘটলেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হয়। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এদিকে, ঘটনার পর কেন্দ্রের বাইরে অতিরিক্ত নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সন্দেহভাজনদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। জেলায় অন্যান্য কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। তবে এ ঘটনার পর ভোটারদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিলেও আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।