ব্রাহ্মণবাড়িয়ায় ভোট চলাকালে পোলিং অফিসারের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ভোটগ্রহণ চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। নিহত ওই কর্মকর্তার নাম মো. মুজাহিদুল ইসলাম। তিনি পানিশ্বর ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক ছিলেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সরাইল উপজেলা জেলা পরিষদ অডিটোরিয়াম ভোটকেন্দ্রের ৫১ নম্বর কেন্দ্রে পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে দ্রুত সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ফেনীতে সোশ্যাল এইডের উদ্যোগে ৮৮০ পরিবারে মাংস বিতরণ
সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বকর সরকার পোলিং অফিসারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দেশজুড়ে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। ভোট শুরুর আগেই অনেক কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা যায়। কোথাও কোথাও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে অপেক্ষা করতে দেখা গেছে সাধারণ মানুষকে।
আরও পড়ুন: সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ
নির্বাচনের দিন বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জ্যেষ্ঠ নেতাদেরও বিভিন্ন কেন্দ্রে ভোট দিতে দেখা গেছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগের দিন বুধবার (১১ ফেব্রুয়ারি) দেশব্যাপী ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। সারারাত কেন্দ্রগুলোর নিরাপত্তায় নিয়োজিত ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এবার সারা দেশে ২৯৯টি আসনে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত রয়েছে। এই নির্বাচনে নিবন্ধিত ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।
মোট প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৮ জন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। মোট প্রার্থীদের মধ্যে নারী প্রার্থী রয়েছেন মাত্র ৮৩ জন—এর মধ্যে দলীয় ৬৩ জন ও স্বতন্ত্র ২০ জন। পুরুষ প্রার্থী রয়েছেন মোট ১ হাজার ৯৪৫ জন।





