ধানের শীষে ভোট দেওয়ায় তিন সন্তানের জননীকে তালাক দিলেন স্বামী
নোয়াখালীর সেনবাগ উপজেলায় নিজের পছন্দের প্রার্থীকে ভোট না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার কেশারপাড় ইউনিয়নের দক্ষিণ কেশারপাড় আকল আলী মজুমদার বাড়িতে।
অভিযোগ অনুযায়ী, তিন সন্তানের জননী ফাতেমা বেগম (২৭) সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে স্বামী মো. ইদ্রিসের (৪০) পছন্দের স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমানের ‘কাপ পিরিচ’ প্রতীকে ভোট না দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেন।
আরও পড়ুন: নকলায় বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু
স্থানীয় সূত্রে জানা যায়, ভোটের দিন ইদ্রিস স্ত্রীকে কাপ পিরিচ প্রতীকে ভোট দিতে কেন্দ্রে পাঠান। তবে ফাতেমা বেগম কেন্দ্র থেকে ফিরে স্বামীকে জানান, তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে স্বামী তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে ভোট গণনায় কাপ পিরিচ প্রতীকের প্রার্থী পরাজিত হন।
ফাতেমা বেগম জানান, তিন দিন পর রোববার ইদ্রিস বাড়ি ফিরে অসুস্থ মেয়ের চিকিৎসার বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে তালাক দেন। বর্তমানে তিনি বাবার বাড়ি কেশারপাড় ৭ নম্বর ওয়ার্ডে অবস্থান করছেন।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে দুর্বৃত্তের আগুনে দগ্ধ মৎস্য খামারির মৃত্যু
অভিযুক্ত ইদ্রিসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে তার বাবা মো. রফিক দাবি করেন, ভোটের বিষয় নয়; তৃতীয় বিয়ে ও মাদকাসক্তি নিয়ে পারিবারিক কলহের জেরে তালাকের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে সেনবাগ থানার ওসি মো. আবুল বাশার বলেন, ঘটনাটি সম্পর্কে থানায় কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেননি।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।





