গোবিন্দগঞ্জে ব্যালট পেপার ছিনতাই
জালভোট দিতে এসে আটক বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ভোট গ্রহন সম্পন্ন
গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে ব্যালট পেপার ছিনতাই, জাল ভোট দিতে এসে আটকসহ বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় এ আসনের ১৪২টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। এ আসনে ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৩৮৪ জন।
আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এর ফলাফল পরিবেশন নির্বাচন কমিশন থেকে সরাসরি ...
অধিকাংশ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হলেও কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এর মধ্যে মহিমাগঞ্জ ইউনিয়নের বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রথমে তিনজনকে আটক করলেও যাচাই বাচাই শেষে তাদের ছেড়ে দেয়া হয় এবং বিকেলের দিকেও একই কেন্দ্রে তিনজন ভুয়া ভোটারকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। শেষ সময়ে বিকেল চারটার দিকে হরিরামপুর ইউনিয়নের বড়দহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী জামাতের প্রার্থী ডা: আব্দুর রহিম সরকারের ভাতিজা মমিরুল ইসলামকে আটক করে। এ খবর পেয়ে বিক্ষুব্ধ জামায়াত কর্মীরা তাকে উদ্ধার করতে পুলিশের ওপর হামলা করে। এতে পুলিশসহ কয়েকজন আহত হন। এ সময় তারা এক হাজার চারশ’ ব্যালট পেপার লুট করে নিয়ে যায়। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
গাইবান্ধার পুলিশ সুপার জসিম উদ্দীন জানান, লুট হওয়া ব্যালট উদ্ধার করার চেষ্টা ও অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আরও পড়ুন: নির্বাচন এবং গণভোট এর ফলাফল পরিবেশন : কে এগিয়ে, কে পিছিয়ে





