বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট সম্পন্ন: ফলাফলের অপেক্ষায় দেশ

Sanchoy Biswas
এম এম লিংকন
প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১১:৪৯ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত
  • ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন দাবি প্রধান উপদেষ্টার
  • ৪৭.৯১% ভোট পড়েছে দুপুর ২টা পর্যন্ত; 
  • শুক্রবার আনুষ্ঠানিক ফল ঘোষণা

বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। তবে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নানা অভিযোগ, বিচ্ছিন্ন কিছু সংঘাত ও অনিয়মের অভিযোগের উঠেছে ভোটকে কেন্দ্র করে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। ইতোমধ্যে দেশের ২৯৯টি সংসদীয় আসনের বহু কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, শুক্রবার আনুষ্ঠানিকভাবে সব আসনের ফল ঘোষণা করা হবে।

আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এর ফলাফল পরিবেশন নির্বাচন কমিশন থেকে সরাসরি ...

ভোটের দিন সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দাবি করেছেন, “এই নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর ছিল।” রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই ছিল এ নির্বাচনের সবচেয়ে বড় শক্তি।

বিচ্ছিন্ন ঘটনা, নিয়ন্ত্রণে পরিস্থিতি: 

আরও পড়ুন: রংপুরের ৬ আসনের ৫টিতে জয়ের পথে জামায়াত জোট, একটিতে এগিয়ে বিএনপি

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন, “কোনো আশঙ্কাজনক পরিস্থিতি সৃষ্টি হয়নি। কিছু বিচ্ছিন্ন ঘটনা ভোটকেন্দ্রের বাইরে ঘটেছিল, তা দ্রুত নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।” ভোটকেন্দ্রের চৌহদ্দির মধ্যে উপস্থিত ভোটারদের ভোট গ্রহণের সুযোগ দেওয়া হয় নির্ধারিত সময়ের পরও।

তবে বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নানা অভিযোগ উঠেছে। ভোট শেষ হওয়ার আধঘণ্টা আগে জামায়াতে ইসলামী দাবি করে, দেশবাসী ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা ও ষড়যন্ত্র প্রতিরোধ করেছে। একই সঙ্গে দলটি অভিযোগ করে, বিভিন্ন স্থানে জাল ভোটের চেষ্টা, পোলিং এজেন্টদের ওপর হামলা, নারী ভোটারদের হেনস্তা ও কেন্দ্র দখলের অপচেষ্টা হয়েছে।

এর আগে দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সারাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে।”

ভোটের হার নিয়ে কৌতূহল: 

ভোটগ্রহণ শেষে রাজনৈতিক অঙ্গনে বড় আলোচনা হয়ে দাঁড়িয়েছে ভোটের হার। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বেলা ২টা পর্যন্ত দেশের ৩৬ হাজারের বেশি কেন্দ্রের হিসাবে গড়ে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে। চূড়ান্ত হার জানা যাবে পূর্ণাঙ্গ হিসাব শেষে।

সংসদ ও গণভোট একসঙ্গে—নতুন অভিজ্ঞতা: 

বাংলাদেশে এবারই প্রথম সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি প্রথমবারের মতো চালু হয়েছে পোস্টাল ভোট ব্যবস্থা। নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, একই দিনে দুই প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় ভোট গণনায় বাড়তি সময় লাগছে।

৫০ দলের লড়াই, ২ হাজার ২৮ জন প্রার্থী: 

নিবন্ধিত ৬০টি রাজনৈতিক দলের মধ্যে ৫০টি দল অংশ নেয় এবারের নির্বাচনে। ২৯৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ২ হাজার ২৮ জন প্রার্থী। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৩ জন।

মহিলা প্রার্থীর সংখ্যা ৮৩ জন—এর মধ্যে দলীয় ৬৩ জন, স্বতন্ত্র ২০ জন। পুরুষ প্রার্থী ১ হাজার ৯৪৬ জন—দলীয় ১ হাজার ৬৯২ জন এবং স্বতন্ত্র ২৫৩ জন।

নির্বাচনে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি—২৯০ জন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৭ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ২২৭ জন, জাতীয় পার্টি (জাপা) ২০০ জন, গণঅধিকার পরিষদ ৯৪ জন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩২ জন প্রার্থী দিয়েছে।

শেরপুর-৩ আসনে বৈধ এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনের ভোট স্থগিত রাখা হয়েছে। নতুন তফসিল ঘোষণা করে সেখানে ভোটগ্রহণ সম্পন্ন করা হবে।

১২ কোটি ৭২ লাখ ভোটার ভোটাধিকার প্রয়োগে সক্ষম

দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০, পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ এবং তৃতীয় লিঙ্গের ১ হাজার ২৩২ জন।

তবে শেরপুর-৩ আসনের ৪ লাখ ১৩ হাজার ৩৩৭ জন ভোটার এবার ভোট দিতে পারেননি। ফলে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন ১২ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৪৫৬ জন।

জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান: 

ভোটের আগের সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিন সকল দল ও প্রার্থীদের ফলাফল মেনে নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “গণতান্ত্রিক চর্চার স্বার্থে জয়-পরাজয় মেনে নেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে হবে।”

এখন দেশের নজর ফলাফলের দিকে—কে গড়বে সরকার, আর গণভোটে জনগণ কী বার্তা দিল—তার উত্তর মিলবে আজ ও ।