নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জামায়াত আমিরের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান একটি নতুন ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশবাসীকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান।
আরও পড়ুন: পোলিং এজেন্ট বাধাগ্রস্তের অভিযোগ ডা. তাসনিম জারার, ভোটের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন
ডা. শফিকুর রহমান ভোটকে কেবল ব্যক্তিগত অধিকার নয়, বরং ‘শহীদদের রক্তে রঞ্জিত আমানত’ হিসেবে উল্লেখ করে নির্বাচনের পবিত্রতা রক্ষায় জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, দীর্ঘ প্রতীক্ষা ও ত্যাগের পর জাতি একটি ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছে। মহান আল্লাহর ওপর ভরসা রেখে ঐক্যবদ্ধভাবে দেশের নতুন অধ্যায় রচনায় সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: এজেন্টদের খালি ব্যালট বাক্স না দেখানোর অভিযোগ জামায়াত প্রার্থীর
দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ভয় ও দ্বিধা কাটিয়ে ভোটকেন্দ্রে এসে উৎসবমুখর পরিবেশে পছন্দের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দিতে হবে। একই সঙ্গে ভোটদান থেকে ফল ঘোষণা পর্যন্ত কারচুপি, অনিয়ম বা ভোট জালিয়াতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, এই ভোট ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, নিরাপদ ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার গুরুত্বপূর্ণ মাধ্যম। ভোটারদের ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করারও আহ্বান জানান জামায়াত আমির।





