আশুলিয়ায় দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ

Sanchoy Biswas
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৯:৩২ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাভারের আশুলিয়ায় ভাড়া বাসা থেকে দুই মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রুমানা আক্তার রুমি। পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী বিল্লাল পালিয়ে গেছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আশুলিয়া থানা পুলিশ আশুলিয়ার পবনারটেক এলাকার একটি ভাড়া বাসায় গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে এবং হাতের কব্জিতে কাটা দাগ পাওয়া গেছে, যা হত্যাকাণ্ডের ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুন: পটুয়াখালীতে জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে হামলা, আহত বৃদ্ধা

নিহত রুমানা আক্তার রুমি স্বামী বিল্লালের সঙ্গে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। অভিযুক্ত বিল্লালের বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলায়। প্রায় দুই বছর আগে তাঁদের বিয়ে হয়। রুমানা স্থানীয় একটি চুলের টুপি তৈরির কারখানায় কর্মরত ছিলেন এবং তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে পরিবার নিশ্চিত করেছে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার পর থেকেই বিল্লাল পলাতক রয়েছেন। তাঁদের দাবি, পরিকল্পিতভাবে রুমানাকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: নান্দাইলে হতদরিদ্র গৃহহীন ৩৬ পরিবার পেল মাথা গোঁজার ঠাঁই ‘স্বপ্নবাড়ি’

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম সোহাগ বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।