১৭ বছর এ দেশে নির্বাচিত সরকার ছিল না, এই ১৭ বছরের জঞ্জাল আমাদের পরিষ্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

Sanchoy Biswas
জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ন, ১৩ মার্চ ২০২৬ | আপডেট: ১১:৫৭ অপরাহ্ন, ১৩ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, ১৭ বছর এ দেশে নির্বাচিত সরকার ছিল না। এই ১৭ বছরের জঞ্জাল আমাদেরকে পরিষ্কার করতে হবে। ১৭ বছরের আবর্জনা-বর্যজ্য আমাদেরকে পরিষ্কার করতে হবে। যেহেতু আমরা নির্বাচিত সরকার, তারেক রহমানের নেতৃত্বে সকল কাজ, সকল ডিপার্টমেন্টের সঙ্গে সমন্বয় করেই করবো। সকলের আন্তরিকতা-সহযোগিতার মধ্য দিয়ে দেশপ্রেমিক সরকার হিসেবে জনগণের স্বার্থে, জনগণের পাশে থেকে কাজ করা—সেই কাজগুলো আমরা হাতে নিয়েছি। এ কাজগুলো চালু রাখবো, তখন সেই সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবো।

শুক্রবার (১৩ মার্চ) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার রহমতখালী খাল, ওয়াপদা খাল, জকসিন খাল ও মান্দারী খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক।

আরও পড়ুন: মুক্তিযোদ্ধা ও রাজাকারের তালিকার বিতর্ক নিরসনে কাজ করবে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ মার্চ দিনাজপুরের কাহারুল উপজেলায় সাহাপাড়া খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। এর মাধ্যমে খাল খনন কর্মসূচি শুরু হবে। সারাদেশেই আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবদ্দশায় এ কর্মসূচি হাতে নিয়েছিলেন এবং সে সময় খাল খননের সুবিধা পেয়েছি। ফলে উৎপাদন দ্বিগুণ হয়েছে, মাছের চাষ বৃদ্ধি পেয়েছে। সবকিছু মিলিয়ে আমরা এলাকাটাকে স্বনির্ভর হিসেবে গড়তে সক্ষম হয়েছি। এখনো সারা বাংলাদেশকে স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে হলে সবার সহযোগিতা প্রয়োজন এবং জিয়াউর রহমানের যে কর্মসূচি, সে কর্মসূচি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে নিয়ে যাবো।

লক্ষ্মীপুর সদর উপজেলার রহমতখালী, ওয়াপদা, জকসিন ও মান্দারী খাল পরিদর্শন করেছি। খালে যে পরিমাণ ময়লা-আবর্জনা পড়ে আছে বা দখল হয়ে আছে, এগুলো যদি আমরা কোনোভাবেই সরিয়ে না নিই, তাহলে খাল খননের সুবিধা আমরা পাবো না। সেজন্য একদিকে খাল খনন অব্যাহত থাকবে, পাশাপাশি সবার সহযোগিতা প্রয়োজন। যারা অবৈধভাবে দখলদার এবং বিভিন্ন জায়গায় ময়লা-আবর্জনা ফেলছেন, তারা আরও সতর্ক এবং সজাগ হতে হবে। সবার আন্তরিকতা এবং সহযোগিতার মাধ্যমে আমরা যে কর্মসূচি হাতে নিয়েছি, এটি সফল হবে বলে আমরা মনে করছি।

আরও পড়ুন: তাহিরপুরে র‍্যাবের অভিযানে বিদেশী মদসহ গ্রেপ্তার ১

এ সময় উপস্থিত ছিলেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ জামান খান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেলাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন ও জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম প্রমুখ।