শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি সিরাজ, সম্পাদক হীরা নির্বাচিত

Sanchoy Biswas
রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ন, ২৯ মার্চ ২০২৬ | আপডেট: ১২:১৫ পূর্বাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঐতিহ্যবাহী শেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১৩ সদস্যের নির্বাহী পরিষদের সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট এএইচএম নুরে আলম হীরা।

রবিবার (২৯ মার্চ) বিকেলে জেলা আইনজীবী সমিতির ২নং বার ভবনে ওই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল মান্নান পিপি। ওই সময় জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ, জেলা আইনজীবী সমিতির বিদায়ী সভাপতি অ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান, বিদায়ী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছামিউল হক আতাহার ও ৫ সদস্যের নির্বাচন কমিশনের মধ্যে তিনজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: পটুয়াখালীতে জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে হামলা, আহত বৃদ্ধা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্যরা হলেন—সহসভাপতি পদে অ্যাডভোকেট আদিলুজ্জামান আদিল ও অ্যাডভোকেট মো. ফরহাদ আলী, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আল-আমীন ও অ্যাডভোকেট মো. সাব্বির হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট শাহরিয়ার হোসেন আরিফ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে অ্যাডভোকেট ফয়সাল আহমেদ নূর, অডিটর পদে অ্যাডভোকেট মোস্তফা আশেকুজ্জামান বুলবুল, নির্বাহী সদস্য অ্যাডভোকেট রাকিবুল হাসান, অ্যাডভোকেট আব্দুস সবুর, এ ওয়াহিদ রাকু ও অ্যাডভোকেট তাহমিনা আক্তার।

তাদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ জন বিএনপিদলীয় এবং অপর দুজন জামায়াত ও এনসিপি-দলীয়।

আরও পড়ুন: নান্দাইলে হতদরিদ্র গৃহহীন ৩৬ পরিবার পেল মাথা গোঁজার ঠাঁই ‘স্বপ্নবাড়ি’

তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ বিকেল ৩টা পর্যন্ত অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি বলে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন। তাই সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হয়েছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আইনজীবী সমিতির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সমিতির সার্বিক উন্নয়ন ও পেশাগত মর্যাদা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেছেন।