‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, বিচার করবে জনগণ’: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশের প্রতি জনগণের আস্থা কতটুকু রয়েছে—তা জনগণই বিচার করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জনআস্থা ধরে রাখা এবং আরও বেশি আস্থা অর্জন করাই পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: ডিপি ওয়ার্ল্ডের সাথে চট্টগ্রাম বন্দর নিউমুরিং টার্মিনালের চুক্তি সই
পুলিশের প্রতি জনগণের আস্থা রয়েছে দাবি করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, সেটার বিচার করবে জনগণ। জনআস্থা বহাল রাখাটাই হচ্ছে আমাদের কাজ। আরও বেশি জনআস্থা প্রতিষ্ঠা করতে পারাটা আমাদের জন্য চ্যালেঞ্জ।’
এ সময় এক সাংবাদিক পুলিশের প্রতি জনগণের আস্থার বিষয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে পুলিশের জন্য জনআস্থা অর্জনকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন। বর্তমান সরকারের আট মাস এবং এর আগে অন্তর্বর্তী সরকারের প্রায় দেড় বছর মিলিয়ে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থার সংকট রয়েছে। এ আস্থা অর্জনে পুলিশের আর কত সময় লাগবে?
আরও পড়ুন: গিয়াস উদ্দিন রিমন সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনি তো সিদ্ধান্তই দিয়ে দিলেন যে জনআস্থা নাই!’
পরে সাংবাদিক আইজিপির বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমি যতটুকু বুঝেছি আইজিপির বক্তব্য মতে, জনআস্থা বহাল রাখাটাই হচ্ছে আমাদের জন্য মহান কাজ। জনআস্থা আমরা অর্জন করেছি।’
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, পুলিশের প্রতি বিদ্যমান জনআস্থা ধরে রাখার পাশাপাশি জনগণের আস্থা আরও বাড়ানোর বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।





