তেল না পেয়ে ক্ষোভে মহাসড়ক দখল বাইকারদের

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৩৫ পূর্বাহ্ন, ৩০ মার্চ ২০২৬ | আপডেট: ১:৩৫ অপরাহ্ন, ৩০ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর বিমানবন্দর এলাকায় তেল (অকটেন) না পেয়ে ক্ষুব্ধ বাইকাররা মহাসড়ক অবরোধ করলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে প্রায় আধা ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

রোববার রাত সাড়ে ১০টার দিকে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (ক্যাব) বিপরীত পাশে মেসার্স মাসুদ হাসান ফিলিং স্টেশনের সামনে এ অবরোধের ঘটনা ঘটে।

আরও পড়ুন: বিএনপিকে ভূতে ধরেছে, রাষ্ট্রপতিকে পুতুল বানিয়ে রেখেছে: লক্ষ্মীপুরে মামুনুল হক

পুলিশ জানায়, তেলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেও না পেয়ে বাইকাররা সড়কে নেমে অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দ্রুত যানজট ছড়িয়ে পড়ে।

বিক্ষুব্ধ বাইকাররা জানান, সন্ধ্যা থেকেই তারা তেলের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ করেই পাম্প বন্ধ করে চলে যান কর্মীরা।

আরও পড়ুন: ঘটে আগমন নৌকায় গমন-দেবী দুর্গার মর্ত্যে আগমন

একজন বাইকার বলেন, “তেল না পেয়ে আমরা বাধ্য হয়েই রাস্তায় নেমেছি। তেল ছাড়া আমাদের চলাচল সম্ভব নয়।”

ফিলিং স্টেশনের অপারেটর মিজানুর রহমান জানান, সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যেই পাম্পে তেল শেষ হয়ে যায়। সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় তারা পাম্প বন্ধ করে দেন।

পরে রাত পৌনে ১১টার দিকে উত্তরা পূর্ব থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে এসে বাইকারদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। এতে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।