নরসিংদীতে পুলিশ কর্মকতার নাম ভাঙ্গিয়ে প্রতারণা, আটক ৩
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার শামীমের নাম ভাঙ্গিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৩১ মার্চ) শহরের কাউরিয়া পাড়া এলাকার পায়রা চত্বর থেকে তাদেরকে আটক করা হয়।
আরও পড়ুন: রায়পুরে মেঘনায় জাটকা ইলিশ শিকার: ১১ জেলে আটক, অর্থদণ্ড
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন, সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের সফিক মিয়ার ছেলে মো. সোহান (২৫), একই এলাকার শাহজাহান ফকিরের ছেলে শামীম ফকির (৩৫) এবং কাঞ্চন মিয়ার ছেলে শুভ (২৭)।
আরও পড়ুন: ধামরাইয়ে ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৬ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে চিনিশপুর এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার শামীমের নেতৃত্বে ডিবির পুলিশের একটি দল অভিযানে চালিয়ে ডাকাতি প্রস্তুতি মামলার আসামি মনিরুজ্জামানকে (৩৬) একটি দেশীয় অস্ত্র রামদাসহ গ্রেপ্তার করেন।
ঘটনার পরদিন অর্থাৎ ১৭ মার্চ বিকেলে ডিবির সোর্স হিসেবে পরিচিত সোহান তার দুই সহযোগীকে নিয়ে গ্রেপ্তারকৃত মনিরুজ্জামানের বাড়িতে যায় এবং তাদের মাধ্যমে ১০ হাজার টাকা অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার শামীমকে দিলে মনিরুজ্জামানকে আদালতে চালান না দিয়ে ছেড়ে দিবে বলে জানান। পরে মনিরুজ্জামানের পরিবার সরল বিশ্বাসে তাদের হাতে ওই টাকা দেওয়ার পরও তাকে আদালতে চালান দিলে আদালত কারাগারে পাঠান। পরে বিষয়টি মনিরুজ্জামানের পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহের সৃষ্টি হলে খোঁজ নিয়ে তারা জানতে পারেন সোহান, শামীম ও শুভ অতিরিক্ত পুলিশ সুপারের নাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে টাকা আদায় করেছেন এবং ওই পুলিশ কর্মকর্তার সাথে তাদের কোনো পরিচয় নেই।
ভুক্তভোগী পরিবার বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপারকে অবহিত করলে অতিরিক্ত পুলিশ সুপারের পরামর্শে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ তাদের আটক করে।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, প্রতারণার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অভিযোগ স্বীকার করেছে।





