প্রশাসনিক হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ
সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্পে তেল ও সিএনজি বিক্রি বন্ধ
প্রশাসনিক হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ তুলে সিলেটে অনির্দিষ্টকালের জন্য সব পেট্রোল পাম্পে তেল ও সিএনজি বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। আকস্মিক এই সিদ্ধান্তে পুরো বিভাগজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১২টার দিকে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন-এর সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
আরও পড়ুন: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জ্বালানি তেল জব্দ, জরিমানা আদায়
ঘোষণার পরপরই সিলেট অঞ্চলে পরিবহন খাতে অচলাবস্থার আশঙ্কা দেখা দিয়েছে। তেল সরবরাহ বন্ধ থাকায় সাধারণ ভোক্তা ও পরিবহন শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও ভোগান্তি বাড়ছে।
সংগঠনটির সিলেট বিভাগীয় কমিটির সেক্রেটারি হুমায়ূন আহমেদ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পাম্প মালিকরা প্রশাসনের বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছেন। জরিমানার নামে চাঁদাবাজি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সড়ক ও জনপথের বৃক্ষরোপণ
তিনি বলেন, বারবার দাবি জানানো হলেও কোনো সমাধান না আসায় ব্যবসায়ীরা বাধ্য হয়ে এই কঠোর কর্মসূচি নিয়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তেল বিক্রি বন্ধ রাখা হবে বলেও স্পষ্টভাবে জানানো হয়েছে।
এদিকে, সংশ্লিষ্ট সরকারি বা প্রশাসনিক কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতি দীর্ঘায়িত হলে সিলেট বিভাগের সার্বিক যোগাযোগ ও জনজীবনে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।





