লালমনিরহাট সীমান্তে বিজিবির সফল অভিযান: ৮টি ভারতীয় গরু জব্দ, মূল্য ১২ লাখ টাকা

Sanchoy Biswas
মোঃ আবু বক্কর সিদ্দিক, লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ন, ০৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ৮:০৫ অপরাহ্ন, ২৪ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে আনা ৮টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (৩ এপ্রিল) ভোর ৫টা ৩০ মিনিটের দিকে আদিতমারী উপজেলার দুর্গাপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, ১৫ বিজিবি লালমনিরহাট ব্যাটালিয়নের অধীনস্থ দুর্গাপুর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৯২৫ থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বানিয়াটারি এলাকায় অভিযান চালায়।

আরও পড়ুন: ঈদযাত্রা ও পশুর হাটে র‌্যাবের বাড়তি নজরদারি, সক্রিয় গোয়েন্দা টহল

অভিযান চলাকালে টহল কমান্ডার নায়েক সুবেদার মোঃ আবুল কালামের নেতৃত্বে বিজিবি সদস্যরা মালিকবিহীন অবস্থায় ৮টি ভারতীয় আড়িয়া গরু জব্দ করতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরুগুলো ফেলে পালিয়ে যায়।

জব্দকৃত গরুগুলোর প্রতিটির আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা হিসেবে মোট মূল্য দাঁড়ায় ১২ লাখ টাকা। বিজিবি জানায়, গরুগুলো সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছিল, যা দেশের অর্থনীতি ও আইনশৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ।

আরও পড়ুন: কুলাউড়ায় ইসলামী ব্যাংকের সাবেক এমডি ওমর ফারুককে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জব্দকৃত গরুগুলো স্থানীয় কাস্টমস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।