শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে, কেন্দ্রে স্বাভাবিক উপস্থিতি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থগিত থাকা শেরপুর-৩ আসন বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বাভাবিক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এ আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত প্রার্থী মিজানুর রহমান।
আরও পড়ুন: 'জামায়াতের অনিয়মের অভিযোগে শেরপুর-৩ আসনের সার্বিক রিপোর্ট তলব করেছে ইসি '
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, একটি পৌরসভা ও ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫ হাজার ৬৬ জন, নারী ২ লাখ ৮ হাজার ৩০৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭ জন।
মোট ১২৮টি ভোটকেন্দ্রের মধ্যে ২৭টি অধিক গুরুত্বপূর্ণ, ৩২টি গুরুত্বপূর্ণ এবং ৬৯টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে মোট ভোটকক্ষ রয়েছে ৭৫১টি।
আরও পড়ুন: নিকলীতে পাগলা কুকুরের তাণ্ডব: শিশুসহ আহত ৫
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট, পর্যবেক্ষকসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা দায়িত্ব পালন করছেন।
নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের সদস্যরা মাঠে রয়েছে। সেনাবাহিনীর একাধিক মোবাইল টিম, বিজিবির প্লাটুন, র্যাবের টিম এবং প্রায় ১১৫০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁইয়া বলেন, নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোথাও বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না এবং ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে নতুন তফসিল অনুযায়ী আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।





