‎ছাত্রলীগ কর্মী ছোট ভাইকে বাড়িতে না পেয়ে বড় ভাইকে গ্রেফতার

Sadek Ali
‎‎নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ৮:৪৭ পূর্বাহ্ন, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:৫৮ পূর্বাহ্ন, ২৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‎‎নেত্রকোণার মোহনগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করতে গিয়ে তাঁকে বাড়িতে না পেয়ে বড় ভাই চা বিক্রেতা দিদারুল ইসলাম দিদারকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।

‎‎শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌরশহরের নওহাল এলাকার নিজ বাসা থেকে দিদারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাঁকে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুন: চকরিয়ায় আগুনে পুড়ে ছাই ১৫ দোকান

‎‎দিদারুল ইসলাম নওহাল এলাকার খুরশিদ মিয়ার ছেলে। তিনি পৌরশহরের টেংগাপাড়া এলাকায় স্লুইসগেটের পাশে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তাঁর ছোট ভাই দিনার মিয়া (১৭) ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে।

‎‎স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোমেন হোসেনের নেতৃত্বে একটি মশালমিছিলের ভিডিও শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। রাত সাড়ে ১২টার দিকে দিনার মিয়াকে গ্রেফতার করতে তাঁর বাড়িতে যায় পুলিশ। তবে তাঁকে বাড়িতে না পেয়ে বড় ভাই দিদারুল ইসলামকে গ্রেফতার করে নিয়ে যায়।

আরও পড়ুন: মঠবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা

‎‎এ ঘটনায় ফেসবুকে নিন্দা জানিয়েছেন নওহাল গ্রামের বাসিন্দা শেখ নওসের আলী শাহীন ও আতিক হাসান জয়। তাঁদের দাবি, দিদারুল ইসলাম একজন সহজ-সরল মানুষ। চায়ের দোকান চালিয়ে সংসার পরিচালনা করেন তিনি। ছোট ভাই রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকলেও বড় ভাইকে গ্রেফতার করা অন্যায়। ছোট ভাইয়ের রাজনৈতিক পরিচয়ের কারণে বড় ভাইকে গ্রেফতার করাকে তাঁরা জুলুম বলে মন্তব্য করেছেন।

‎‎মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, দিদারুল ইসলামকে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তিনি আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী। ওসির দাবি, দিদারুল আওয়ামী লীগ পরিবারের সদস্য হওয়ায় এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি নতুন কিছু নয়। তাঁর ছোট ভাই দিনারও ছাত্রলীগের বিভিন্ন মিছিলে উপস্থিত থাকতেন এবং নেতৃত্ব দিতেন। তাঁরা একই রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ায় বিষয়টি আলাদা করে বলার অপেক্ষা রাখে না।