রংপুর রেস্তোরাঁ মালিক সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
বাজারে গ্যাস, খড়ি জ্বালানি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিজনিত পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণে রংপুর রেস্তোরাঁ মালিক সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার রাতে নগরীর কাচারি বাজারে সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ফরিদপুরে হামের সংক্রমণ বাড়ছে, আক্রান্ত ২০০
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রংপুর জেলা ও মহানগর শাখার সভাপতি আলহাজ নুরুল হক মুন্নার সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক ইব্রাহীম হক ব্যাপারী খাদ্য সামগ্রীর বর্তমান উচ্চমূল্য পরিস্থিতি এবং এ সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন।
সভায় হোটেল ও রেস্তোরাঁয় কর্মরত শ্রমিকদের পূর্ববর্তী কর্মস্থলের অনাপত্তি সনদ (এনওসি) ছাড়া নতুন কোনো প্রতিষ্ঠানে নিয়োগ না দেওয়ার বিষয়ে সর্বসম্মতিক্রমে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আরও পড়ুন: খুলনায় নেশার টাকার জন্য মাকে পিটিয়ে হত্যা, ছেলে আটক
এছাড়া সাম্প্রতিক সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে সময়ে সময়ে হয়রানিমূলক কার্যক্রম পরিচালনার বিষয়েও উদ্বেগ জানানো হয়।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও বিভিন্ন সাংগঠনিক বিষয়ে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম বানিউল আদম বাবু ও মাসুম বিল্লাহ, কোষাধ্যক্ষ হেলাল হোসেন স্বপন, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম ভুট্টু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী লাকু, ধর্ম বিষয়ক সম্পাদক মকছুদার রহমান, যুগ্ম প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক সাজিদ সাফায়েত, সদস্য রেজাউল করিম বিপুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।





