কাশিয়ানীতে ৩৩ লাখ টাকার মাদকসহ ‘শীর্ষ কারবারি’ গ্রেফতার

Sanchoy Biswas
নেওয়াজ আহমেদ পরশ, গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ন, ১২ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:১১ অপরাহ্ন, ১২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে পুলিশের এক বিশেষ অভিযানে ৩৩ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের ইয়াবা ও গাঁজাসহ এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার পশ্চিম রাতইল এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম শেখ শহিদুল ইসলাম আকাশ (৩৮)। তিনি ওই এলাকার মৃত শেখ মোহাম্মদ আলীর ছেলে। পুলিশ বলছে, আকাশ ওই অঞ্চলের একজন চিহ্নিত মাদক কারবারি।

আরও পড়ুন: কুষ্টিয়ায় কথিত পীর হত্যাকাণ্ড: ২৪ ঘণ্টা পেরোলেও মামলা হয়নি, এলাকায় থমথমে পরিস্থিতি

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমানের সরাসরি নেতৃত্বে ও কাশিয়ানী থানার ওসির কৌশলী পরিচালনায় রাত গভীর হলে পশ্চিম রাতইল এলাকায় অভিযান শুরু হয়। অভিযানে অংশ নেওয়া দলটি আকাশের বাড়িটি চারপাশ থেকে ঘিরে ফেলে ‘চিরুনি অভিযান’ চালায়। শুরুতে আকাশ নিজেকে নির্দোষ দাবি করে বিভ্রান্ত করার চেষ্টা করলেও নিবিড় তল্লাশিতে ঘরের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়।

পুলিশের দেওয়া তথ্যমতে, উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ১০ হাজার ২০৭ পিস (কমলা ৯ হাজার ৬২৫ ও সবুজ ৫৮২ পিস) ইয়াবা এবং ২ কেজি গাঁজা। এছাড়াও মাদক বিক্রির নগদ ৪ লাখ ২৬ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: মাধবপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৬৪ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমান জানান, গ্রেফতারকৃত আকাশ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে ইতিপূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে কাশিয়ানী ও মুকসুদপুর এলাকায় মাদকের নেটওয়ার্ক পরিচালনা করে আসছিলেন। তিনি আরও বলেন, “মাদকের মূল উৎপাটন করতে এই ধরনের ‘জিরো টলারেন্স’ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।