আশুলিয়ায় ইয়াবাসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে জামগড়া ভূঁইয়া পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মারুফ ভূঁইয়া (২৭) এবং মোহাম্মদ রাকিব হোসেন (২২)। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান ১৫ মামলার আসামী সোহেল গ্রপ্তার
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশের একটি দল জামগড়া ভূঁইয়া পাড়ার মোর্শেদ ভূঁইয়ার বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং হাতেনাতে আটক করা হয়।
স্থানীয়দের অভিযোগ, গ্রেফতারকৃতরা শুধু মাদক ব্যবসার সঙ্গেই জড়িত নয়, বরং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র মহড়া, গোলাগুলি, মারধর ও কুপিয়ে আহত করার মতো একাধিক ঘটনায়ও তাদের সম্পৃক্ততা রয়েছে। এসব ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।
আরও পড়ুন: কলাপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
সদ্য যোগদান করা আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করা হচ্ছে। সব ধরনের অপরাধ দমনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণসহ অভিযান অব্যাহত থাকবে।





