ঈশ্বরগঞ্জে ধান কেটে ফেরার পথে হামলা: আহত ১০

Sanchoy Biswas
মাহমুদুল হক শুভ, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ন, ০২ মে ২০২৬ | আপডেট: ১০:১৭ অপরাহ্ন, ০২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের রামগোবিন্দপুর গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (সকাল ১০টা) বোরো ধান কেটে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আব্দুস সালাম (৫০), আবু হানিফা (৪৫), মোখলেছুর রহমান (২৪), হেলাল মিয়া (৫০), মোস্তফা (৪৫), জয়নাল আবেদীন (৬৫), হুসনা আরা খাতুন (৪০), জোসনা আরা (৪০) ও জনি মিয়া (১৭) রয়েছেন। এছাড়া প্রতিপক্ষের শাহেদ আলী (৫০) নামের একজনও আহত হয়েছেন। গুরুতর আহত আব্দুস সালাম ও মোখলেছুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: হেমায়েতপুরে সড়ক-ফুটপাত দখল: নিত্যদিনের যানজট, বাড়ছে জনদুর্ভোগ

ভুক্তভোগী আবুল খায়ের (৫৯) বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয়দের অভিযোগ, পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালানো হয়। এতে নারী-পুরুষসহ একাধিক ব্যক্তি আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়।

আরও পড়ুন: আজিমের গার্মেন্টসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

অভিযোগকারী আবুল খায়ের বলেন, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তারা দীর্ঘদিন ধরে হামলা, মামলা ও জমি দখলের সঙ্গে যুক্ত।

অন্যদিকে অভিযুক্ত পক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।