বৃষ্টিভেজা সিলেটে তারেক-জুবাইদার নির্ভার মুহূর্ত, প্রশংসায় ভাসছে

Sanchoy Biswas
জুলফিকার তাজুল, সিলেট ব্যুরো
প্রকাশিত: ১১:১১ অপরাহ্ন, ০২ মে ২০২৬ | আপডেট: ১১:১১ অপরাহ্ন, ০২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার সিলেটে পা রাখলেন তারেক রহমান। তবে রাজনৈতিক খবরের মাঝেও নেটিজেনদের নজর কেড়েছে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিনী ডা. জুবায়দা রহমানের একটি বিশেষ ছবি, যেখানে তাঁদের হাত ধরে হযরত শাহজালাল (র.)-এর মাজার প্রাঙ্গণে হাঁটতে দেখা গেছে।

ঝুম বৃষ্টিতে ভিজে যখন মাজার জিয়ারতে পৌঁছান প্রধানমন্ত্রী, তখন তাঁর পাশে ছায়ার মতো ছিলেন ডা. জুবায়দা রহমান। প্রতিকূল আবহাওয়ার মাঝেও তাঁদের এই পারস্পরিক আস্থা ও ভালোবাসার মুহূর্তটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভক্ত-অনুরাগীরা ছবিটিকে ‘আদর্শ দম্পতি’র উদাহরণ হিসেবে শেয়ার করছেন।

আরও পড়ুন: শেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন

মাজার জিয়ারত শেষে মোনাজাতে অংশ নেন তাঁরা। প্রধানমন্ত্রীর এই সফরে ডা. জুবায়দা রহমানের উপস্থিতি রাজনৈতিক মহলেও ইতিবাচক সাড়া ফেলছে। তাঁদের এই আন্তরিক মুহূর্তটি সাধারণ মানুষের মাঝে তৈরি করেছে এক অন্যরকম আবেগ।

এর আগে সকাল ১০টায় সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণের পর বিমান থেকে নেমে স্ত্রী জুবায়দা রহমানের হাত ধরে হাঁটতে দেখা যায় তারেক রহমানকে। এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। দেশ-বিদেশে প্রশংসায় ভাসিয়ে বিভিন্ন ইতিবাচক মন্তব্য করতে দেখা যায়।

আরও পড়ুন: গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন

সোশ্যাল মিডিয়া ফেসবুকে আ. ন. ম. মাহমুদ্দিন নবী নামের এক যুবক লিখেছেন, দীর্ঘ ১৭ বছরের কঠিন পথচলায় যখন অপবাদ, সমালোচনা আর রাজনৈতিক ঝড় তাকে বারবার ভেঙে দিতে চেয়েছে, তখন নীরবে শক্ত হয়ে পাশে দাঁড়িয়েছেন তিনি। কেউ দেখেনি সেই অদৃশ্য লড়াই, কেউ শুনেনি ভরসার সেই কথাগুলো—“তুমি পারবে।” আজকের এই মুহূর্ত শুধু একটি ছবি নয়, এটি বিশ্বাস, ভালোবাসা আর অপেক্ষার জয়গাথা। যখন পুরো পৃথিবী দূরে সরে যায়, তখন একজন মানুষ যদি হাত না ছাড়ে—সেখানেই জন্ম নেয় ইতিহাস।

এদিকে, সরকার গঠন হওয়ার পর এই প্রথম সিলেট আগমনে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সিলেট নগরীতে এরই মধ্যে জড়ো হয়েছেন হাজার হাজার নেতাকর্মী। সিলেটের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা জনসভায় অংশ নিতে এবং তারেক রহমানকে একনজর দেখতে প্রত্যন্ত গ্রাম থেকে ছুটে এসেছেন।

সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত সম্পন্ন করেন। বেলা ১১টায় নগরের চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের বহুল প্রতীক্ষিত ‘জলাবদ্ধতা নিরসন প্রকল্পের’ শুভ উদ্বোধন করেন। এরপর দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া নদী খননকাজের উদ্বোধন শেষ করে বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এরপর বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে একটি দলীয় সভায় অংশ নেওয়ার পর সন্ধ্যা ৭টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।