নরসিংদীতে একদিনে তিন মরদেহ উদ্ধার
নরসিংদীতে পৃথক স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) সকালে জেলার বেলাব, রায়পুরা ও সদর উপজেলার মাধবদী থেকে এসব মরদেহ উদ্ধার করে স্ব স্ব থানা পুলিশ। তিনজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেলেও একজনের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। পরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেন থানা পুলিশ।
আরও পড়ুন: দেশে সয়াবিনের বাৎসরিক চাহিদা ১৬ লাখ মেট্রিক টন
বেলাব থানার ওসি (তদন্ত) মো. নাসির উদ্দীন জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় রাস্তার (বেলাব-শিবপুর) পাশে একটি ধানক্ষেত থেকে রিয়াজুল ইসলাম ওরফে আপন মিয়া (২৪) নামে এক ট্রলি চালকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ট্রলি চালক আপন বেলাব উপজেলার বাজনা ইউনিয়নের বড়বাড়ি গ্রামের মস্তু মিয়ার ছেলে। সে ট্রলি চালানোর পাশাপাশি কাঠমিস্ত্রিরও কাজ করতেন। তবে তার পরিবারের দাবি, নিহত আপনকে অন্য কোথাও হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হয়েছে।
নিহতের বাবা মস্তু মিয়া জানান, গতকাল রাতে এশা নামাজের পর বন্ধুর ডাকে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি তার ছেলে। সকালে খবর পান তার ছেলের লাশ ধানক্ষেতের উপর পড়ে রয়েছে।
আরও পড়ুন: নাজিরপুরে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৮ শিক্ষক ও তিন কর্মচারীর বিপরীতে ছাত্রী তিনজন
অপরদিকে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশনের কাছে অজ্ঞাত (৭০) বয়সের এক বৃদ্ধের লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার মুখমণ্ডল ও হাত ক্ষতবিক্ষত হয়েছে। প্রাথমিকভাবে স্থানীয়রা ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে না পারলেও পিবিআই তথ্যপ্রযুক্তির মাধ্যমে লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সদর উপজেলার মাধবদী থানাধীন মনোহরপুর গ্রাম থেকে সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
সে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার গোপালদীর রামচন্দ্রী গ্রামের সাফিজ উদ্দিনের ছেলে এবং মনোহরপুর বোর্ড স্কুলের পাশে তৌফিকুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে স্বপরিবারে ভাড়া থাকতেন।
এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, মনোহরপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে স্বজনরা দাবি করছেন, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





