শ্যামনগরে ১৪৭তম ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

Sanchoy Biswas
মোঃ আব্দুল আহাদ, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ন, ১৫ মে ২০২৬ | আপডেট: ৫:২৮ অপরাহ্ন, ১৫ মে ২০২৬
শ্যামনগরের বংশীপুরে ১৪৭তম ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। ছবিঃ সংগৃহীত
শ্যামনগরের বংশীপুরে ১৪৭তম ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। ছবিঃ সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুরে ঐতিহ্যবাহী ১৪৭তম ঘোড়দৌড় প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে স্থানীয় লাখো দর্শকের উপস্থিতিতে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান

গ্রাম বাংলার ঐতিহ্য ও জনপ্রিয় এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন এলাকা থেকে ৪২টি ঘোড়া অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী ঘোড়াগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। প্রতিযোগিতা শেষে বিচারকদের সিদ্ধান্তে প্রথম স্থান অধিকার করে কয়রার ইব্রাহীম শিকারীর ঘোড়া, দ্বিতীয় স্থান অর্জন করে লোহাগড়ার সাদ্দামের ঘোড়া এবং তৃতীয় স্থান লাভ করে ফরিদপুরের বাবুর ঘোড়া।

এ অনুষ্ঠানে জি. এম. সাদেকুর রহমান সাদেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিল ০৮ নম্বর ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ।

আরও পড়ুন: মাধবপুরে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে পারাপার, দুর্ঘটনার শঙ্কা

ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রথম স্থান অধিকারী ঘোড়ার মালিক কয়রার ইব্রাহিম শিকারী বলেন, “আমি শুধু পুরস্কার প্রাপ্তির আশায় প্রতিযোগিতায় অংশ নিই না। নিজের দীর্ঘদিনের এই ঘোড়া চালানোর আনন্দও উপভোগ করি। পাশাপাশি গ্রামের সাধারণ মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার জন্য আসি। ঘোড়া নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াতে ভালো লাগে।”

এ ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে লক্ষাধিক দর্শনার্থী উপস্থিত হন। আয়োজকরা জানান, দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছরের ন্যায় এবারও এই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ আয়োজন স্থানীয় সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের আয়োজনের উদ্দেশ্য মানুষকে বিনোদন দেওয়া এবং মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা সৃষ্টি করা।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. মো. মনিরুজ্জামানসহ অন্যান্য অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।