কিশোরগঞ্জ হাওরে পিকআপ–মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত
কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনের অলওয়েদার সড়কে চালবোঝাই পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
সোমবার (২৫ মে) সন্ধ্যায় অলওয়েদার সড়কের ভাতশালা সেতুর মিঠামইন পার্শ্বে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: অতিবর্ষণ ও পাহাড়ধসে মৃত বেড়ে ৫৪, পানিবন্দি ১ লাখ ৫৫ হাজারের বেশি পরিবার
নিহতরা হলেন মিঠামইন উপজেলা সদরের মহিষারকান্দি গ্রামের মনির হোসেন (৩৭), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) ও তাদের সন্তান মুহাম্মদ আয়ান (১০)। মনির হোসেন কিশোরগঞ্জ শহরে দুটি কোচিং সেন্টার পরিচালনা করতেন।
মিঠামইন সদর ইউনিয়নের কামালপুর গ্রামের বাসিন্দা মো. রোকন উদ্দিন জানান, আজ সন্ধ্যায় অষ্টগ্রামের দিক থেকে একই মোটরসাইকেলে মিঠামইনে যাচ্ছিলেন মনির হোসেন, তার স্ত্রী ও সন্তান। এ সময় বিপরীত দিক থেকে চালবোঝাই পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পিকআপটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা সেটিকে আটক করে চালককে ধরে ফেলে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপটি জব্দ করে ও চালককে থানায় নিয়ে আসে।
আরও পড়ুন: হরিদাসের অর্থের উৎস ও দাতাদের পরিচয় জানতে চায় পুলিশ
অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শহীদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা পিকআপটি আটক করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ চালককে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





